প্রধানমন্ত্রীর ৫ ডিসেম্বরের গোবিন্দগঞ্জ সফর ঘিরে প্রস্তুতি শুরু, কর্মসূচির স্থান পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফর উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) বিভিন্ন কর্মসূচির সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, গোবিন্দগঞ্জে করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে। এ ছাড়া দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি রয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে দুই প্রতিমন্ত্রী এসব কর্মসূচির সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় তারা সফর ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের বাইরে আমাদের কারও কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকব এবং এ দেশের মানুষের কল্যাণে কাজ করব। দেশের মানুষের জন্য যা ভালো, বিএনপি সরকার তা-ই করবে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জের উন্নয়ন, করতোয়া নদী খনন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।
পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.