ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে ক্ষতিগ্রস্ত স্থানের কিছু ছবি ও বিবরণ ছড়িয়ে পড়ার পাশাপাশি ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র ও অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক পোস্ট থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিকাইল ইসলাম হিমেল (এম. এইচ. ই. হিমেল) এবং বর্তমান পৌর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদ নাবিলের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে নিজের 'MH E Hemal' ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে সাবেক ছাত্রলীগ নেতা মিকাইল ইসলাম হিমেল অভিযোগ করেন, তাঁদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। পোস্টে তিনি প্রতিহিংসার রাজনীতির সমালোচনা করে ভবিষ্যতের পরিণতির বিষয়ে পাল্টা হুঁশিয়ারি দেন এবং খুব দ্রুতই এর জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেন। ওই পোস্টের নিচে বিভিন্নজনকে নানা ধরনের মন্তব্য করতে দেখা যায়।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপর একটি পোস্টে ব্রাহ্মণবাড়িয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইয়াসিন বাবু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। ওই পোস্টে ক্ষতিগ্রস্ত বাড়ির ভাঙা কাচ ও জানালার একাধিক ছবি যুক্ত করে অতীতে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও বাড়িঘরে এমন ঘটনা না ঘটার কথা বলা হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানানো হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত ইয়াসিন বাবু কিংবা সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.