
শেখ সাদী সুমন, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
রুমিন ফারহানার বিরুদ্ধে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় চলাফেরা, দলটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা নেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান প্রচারের অভিযোগ তুলেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
নাদিয়া পাঠান পাপনের দাবি, রুমিন ফারহানা বর্তমানে যে বাংলো বাড়িতে বসবাস করছেন, সেটি আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য স্মৃতির। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের ওই সাবেক সংসদ সদস্যের বাড়িতে থাকা এবং চারপাশের রাজনৈতিক সঙ্গীদের কারণেই রুমিন ফারহানার বক্তব্যে আওয়ামী লীগের অবস্থান ফুটে উঠছে।
একান্ত ফোনালাপে নাদিয়া পাঠান পাপন বলেন, ‘সে (রুমিন) সরাইলে যে বাংলো বাড়িটিতে বসবাস করছেন, সেই বাড়িটি আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি স্মৃতির। স্মৃতির শ্বশুরবাড়ি সরাইল উপজেলায়।’
পাপন আরও বলেন, ‘আপনি এখন যার বাড়িতে থাকবেন, ফ্রিতে থাকলে তো স্বাভাবিকভাবেই তার কথা একটু বলতে হয়। তার কথা বলতে গেলে আবার পুরো আওয়ামী লীগের কথাই বলতে হয়। তিনি যাদের নিয়ে চলেন, চারপাশে তাকালেই দেখবেন আওয়ামী লীগের লোকজন। এসব কারণেও হতে পারে একদিকে থাকার সুবিধা, অন্যদিকে আর্থিক সুবিধা পাচ্ছেন।’
রুমিন ফারহানার নিজস্ব রাজনৈতিক কর্মী-সমর্থক নেই দাবি করে পাপন বলেন, তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের লোকজনের সমর্থন রয়েছে। এ কারণেই তিনি আওয়ামী লীগের বক্তব্য ও অবস্থান তুলে ধরছেন বলে মনে করেন পাপন।
তিনি বলেন, ‘আমার মনে হয়, লুকোচুরি না খেলে সরাসরি স্বীকার করলেই ভালো হতো যে তিনি আওয়ামী লীগের এই দায়িত্বে আছেন। তাহলে আমরা তাঁর রাজনৈতিক অবস্থান বুঝতে পারতাম। এখন সাধারণ মানুষ একধরনের ধোঁয়াশার মধ্যে আছে।’
রুমিন ফারহানার নির্বাচনী ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন নাদিয়া পাঠান পাপন। তাঁর দাবি, নির্বাচনে আওয়ামী লীগের লোকজনই রুমিন ফারহানাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। যদিও রুমিন ফারহানা তাঁর নেতাকর্মীদের কাছ থেকে অর্থ পাওয়ার কথা বলেছেন বলে উল্লেখ করেন পাপন।
পাপনের ভাষ্য, ‘বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত নির্যাতিত অবস্থায় ছিলেন। তাঁরা কি তাঁকে এত টাকা দিয়েছেন, যে টাকা দিয়ে তিনি সংসদীয় আসনের নির্বাচন করতে পারবেন? আমার ধারণা, তাঁর পুরো আর্থিক সহযোগিতাই এসেছে আওয়ামী লীগ থেকে।’ তাঁর মতে, এই রাজনৈতিক ও আর্থিক সহযোগিতার কারণেই রুমিন ফারহানার বক্তব্যে আওয়ামী লীগের প্রতি ইতিবাচক অবস্থান দেখা যাচ্ছে।
অন্তর্বর্তী সরকারের সময়কার রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে পাপন বলেন, সে সময় রুমিন ফারহানা মনে করেছিলেন বিএনপি কখনো ক্ষমতায় আসবে না। এই ধারণা থেকেই তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন বলে দাবি করেন পাপন।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় উনি প্রথম দিকে মনে করেছিলেন, বিএনপি জীবনে ক্ষমতায় আসবে না। নির্বাচনী প্রচারণার সময়ও তাঁর বক্তব্যে এমন ধারণার প্রতিফলন দেখা গেছে। তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন যে বিএনপি সরকার কিংবা তারেক রহমান ক্ষমতায় আসতে পারবেন না। কিন্তু তাঁর জন্য খুবই খারাপ খবর হচ্ছে, বিএনপি সরকারই ক্ষমতায় এসেছে।’
পাপনের দাবি, অতীতের রাজনৈতিক বক্তব্যের কারণে রুমিন ফারহানা এখন অস্বস্তিকর অবস্থায় পড়েছেন। তিনি হয়তো ভেবেছিলেন, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর তাঁকে ক্ষমা করে দেওয়া হবে; কিন্তু আগের বক্তব্যগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন না।
রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে পাপন বলেন, আওয়ামী লীগের প্রচার-প্রচারণার সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকলে তা প্রকাশ্যে স্বীকার করা উচিত। এতে জনগণের কাছে তাঁর অবস্থান পরিষ্কার হবে। তাঁর কথায়, ‘লুকোচুরি খেলাটা বন্ধ করে সরাসরি বলে দিলেই ভালো হতো যে আমি আওয়ামী লীগের প্রচারের দায়িত্বে আছি। তাহলে অন্তত আমরা বুঝতে পারতাম, তিনি কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন।’
ফোনালাপের একপর্যায়ে রুমিন ফারহানার মানসিক অবস্থা নিয়েও মন্তব্য করেন নাদিয়া পাঠান পাপন। তিনি বলেন, ‘আমি মনে করি, রুমিন ফারহানার আপাতত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। কারণ, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।’
পাপনের ব্যাখ্যা, একসময় রুমিন ফারহানা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং সংসদে কথা বলার সুযোগসহ রাজনৈতিকভাবে আলোচিত অবস্থানে ছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান হারানো এবং দলের নেতাকর্মীদের তাঁর কাছ থেকে সরে যাওয়ার বিষয়টি তিনি মানসিকভাবে মেনে নিতে পারছেন না বলে মনে করেন পাপন।
তিনি বলেন, ‘একসময় তিনি যা বলতেন, তা-ই ভাইরাল হতো। এখন আর সেটা হচ্ছে না। আলোচনায় থাকার জন্য উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। তবে আলোচনা হচ্ছে না, হচ্ছে সমালোচনা। আমার মনে হয়, তাঁর জন্য কাউন্সেলিং ও যথাযথ চিকিৎসা প্রয়োজন।’
জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা কিংবা শেখ হাসিনার শাসনামলের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তুলনা করার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান নাদিয়া পাঠান পাপন। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে কিংবা শেখ হাসিনার শাসনামলকে তুলনা করতে চাইলে, সে যে-ই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।’
সব মিলিয়ে রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান, আওয়ামী লীগের সঙ্গে তাঁর কথিত যোগাযোগ, সরাইলের বাড়িতে বসবাস এবং নির্বাচনী অর্থায়ন নিয়ে নাদিয়া পাঠান পাপনের এসব বক্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি করেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.