মাদারীপুর প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা সম্পর্কের পর বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে ওই দুই তরুণকে দেখতে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) ও মাহিন মুন্সি (১৯) নামের দুই তরুণের পরিচয় হয় টিকটকের মাধ্যমে। পরিচয়ের একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বর্তমানে তাঁরা একসঙ্গে জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করছেন। সেই দাবিতে নবদ্বীপের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন মাহিন।
স্থানীয়দের দাবি, এর আগেও মাহিন দুইবার ওই বাড়িতে এসেছিলেন। তবে এবার বিয়ের দাবিতে অবস্থান নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসায় এলাকায় আলোচনা শুরু হয়েছে।
ওই দুই তরুণের ভাষ্য, তাঁরা একে অপরকে ভালোবাসেন এবং একসঙ্গে থাকতে চান। এ কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তাঁরা।
বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু জানান, ঘটনাটি তাঁর পাশের বাড়িতে ঘটেছে। বিষয়টি জানার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছেন। পাশাপাশি মাহিনের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন।
এদিকে ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.