
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শহীন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি মো. রিপন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল ইসলাম রঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুফী জাহাঙ্গীর কবির কামাল, দৈনিক সমকাল ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি একে এস রোকন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি মহিদুল ইসলাম ফরহাদ, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. আসাদ, চককীর্তি ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম, সোহেল রানা, সারোয়ার জাহান শাহীন, রুহুল আমিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন।
সভাপতির বক্তব্যে মো. রিপন আলী বলেন, জাতীয় দৈনিক ভোরের চেতনা অল্প সময়ের মধ্যেই সাধারণ পাঠকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। দেশপ্রেম ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও দেশ ও জাতির কল্যাণে পত্রিকাটি তার লেখনীর মাধ্যমে আরও জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পত্রিকাটির সম্পাদক, প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলকে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, একটি পত্রিকার দীর্ঘ পথচলা কখনোই সহজ নয়। প্রতিষ্ঠা থেকে বর্তমান অবস্থানে পৌঁছাতে সম্পাদক, বার্তা সম্পাদক, প্রতিবেদকসহ সংশ্লিষ্ট সবাইকে নিরলস পরিশ্রম ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। দৈনিক ভোরের চেতনার ২৮ বছরের পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও বলেন, গণতন্ত্র ও সমাজ বিনির্মাণে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ভুয়া খবর ও অপতথ্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে সত্যের পক্ষে অবিচল থেকে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন। পরে মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.