
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৪ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন এবং মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে ২ জন রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নুর মোহাম্মদ (৩৩) হত্যা মামলার, মো. রফিক (২৭) চুরির মামলার এবং মোহাম্মদ সেলিম উদ্দিন (৪৬) সড়ক পরিবহন আইনের মামলার আসামি। এছাড়া রবিউল হোসেন সাইফ (২৬) ও জাহাঙ্গীর আলম সাহেলের (৩৬) বিরুদ্ধে চন্দনাইশ থানায় একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফজলুল কাদের শাহ (৫৪) ও মো. সোহেল আজাদকে (৩৯) ১০০ টাকা করে জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।
সূত্র: চন্দনাইশ থানা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.