
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্বের মাধ্যমে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিটি মানুষের কাছে তার ব্যবহৃত মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের অভিযোগ পাওয়ার পর পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে। ভবিষ্যতেও জনগণের সেবা ও আস্থা অর্জনে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন, মোবাইল ফোন উদ্ধারে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। এ জন্য তিনি উদ্ধারকাজে সম্পৃক্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
মোবাইল হস্তান্তর সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ সহ চাঁপাইনবাবগঞ্জ সকল থানার ইনচার্জ ও কর্মকর্তারা। জেলা পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ২২টি মোবাইল ফোনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ১৪টি, শিবগঞ্জ থানা ২টি এবং নাচোল থানা ৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকরা। এ সময় তাঁরা জেলা পুলিশ ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.