
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিমের আওতায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হরতিকিতলা, বালিগ্রাম ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হরতিকিতলা এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের দলনেতা ও কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. তোহিদুল ইসলাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এছাড়া স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য ও পৌরসভার অন্যান্য কর্মচারীরা অভিযানে অংশ নেন। অভিযান সম্পর্কে ৮ নম্বর টিমের দলনেতা ও কর নির্ধারক মো. এনামুল হক বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো বা অভিযান পরিচালনা করলেই হবে না, এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। আমাদের টিম নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। প্রত্যেককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।” তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও পৌরসভার সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ কার্যক্রম সফল করতে তিনি পৌরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.