
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে উৎসাহিত করা, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভারপ্রাপ্ত মো. আনিসুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ খাইরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলে। যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ ও সম্প্রীতিময় সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। প্রীতি ম্যাচকে ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.