
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে একাব্বর আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি মো. নিরাশা আকন্দকে (২৬) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শুক্রবার (৬ নভেম্বর) এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার নিরাশা আকন্দ সুন্দরগঞ্জ উপজেলার কানি চরিতাবাড়ী এলাকার মতিন আকন্দের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ জুন বেলা ১১টার দিকে একাব্বর আলী নিজ বাড়িতে একা থাকার সুযোগে আসামিরা তাকে অপহরণ করে কানি চরিতাবাড়ী গ্রামের আব্দুল লতিফ আকন্দের বাড়িতে নিয়ে যান। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে একটি বাঁশঝাড়ে ফেলে রেখে যায় আসামিরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২ জুলাই সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এসআরবি-১৩।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে গাইবান্ধা ও রংপুরের যৌথ আভিযানিক দল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরাজী শেকসেন্দর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিরাশা আকন্দকে তার মামা শ্বশুর মো. জয়নাল আবেদীনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারের পর নিরাশা আকন্দকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.