
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে গচিহাটা বাজারে গিয়েছিলেন শাহরিয়ার জামান। সেখানে পৌঁছানোর পর একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার আঘাত করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা স্থিতিশীল থাকলেও পরবর্তী জটিলতা এড়াতে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।
সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জানান, ঘটনার সময় তার ছেলে ব্যক্তিগত কাজে বাজারে গিয়েছিলেন। সেখানে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে। বর্তমানে তিনি ঢাকায় ছেলের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.