
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাঁকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
সোমবার (২ নভেম্বর) মোক্তার আলীর অবসর উপলক্ষে এ আয়োজন করা হয়। তাঁকে বিদায় জানাতে এগিয়ে আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা।
প্রথমে আনুষ্ঠানিকভাবে মোক্তার আলীকে সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। পরে ফুল দিয়ে সাজানো একটি রিকশায় তাঁকে বসিয়ে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সড়ক ঘুরিয়ে বাড়িতে নিয়ে যান সহকর্মীরা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর-রশিদ হারুন।
দীর্ঘদিন একসঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে মোক্তার আলীর গড়ে উঠেছিল আন্তরিক সম্পর্ক। কর্মজীবনের নানা স্মৃতি ও একসঙ্গে কাটানো সময়ের গল্পে বিদায় আয়োজনটি হয়ে ওঠে আবেগঘন।
বিদায়ের অনুভূতি জানিয়ে মোক্তার আলী বলেন, চাকরিজীবনের শেষ সময়ে সহকর্মীরা তাঁকে এতটা ভালোবাসা ও সম্মান জানাবেন, তা তিনি কখনো ভাবেননি। এমন আয়োজন তাঁকে আনন্দিত ও অভিভূত করেছে। সহকর্মীদের এই ভালোবাসা আজীবন মনে রাখবেন তিনি। এ সময় সবার জন্য দোয়া করেন তিনি।
ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর-রশিদ হারুন বলেন, মোক্তার আলী অত্যন্ত ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁকে বিদায় জানাতে গিয়ে সবারই খারাপ লাগছে। তাঁর অবসরজীবন সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক, এটাই তাঁদের প্রত্যাশা।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.