
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমিরুল হক, লুৎফল হক, নুরুল ইসলামসহ অন্যরা। বক্তারা অভিযোগ করেন, পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে কবর দিতে বাধা প্রদান করা হয়। এমনকি কবর খননের পর তা ভরাট করে দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মুক্তিযোদ্ধাদের সম্মান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করার কোনো সুযোগ নেই। তাঁরা অভিযোগ করেন, একাত্তরের ইতিহাস ও মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় জামায়াত শিবিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে ‘৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এবং ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখা ছিল।
কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.