এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে ফোরাম সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ২৭ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেছে
সিসিডিবি-সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জ। বুধবার (২৮ অক্টোবর ) বিকাল ৫ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোরাম সদস্যদের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান বলেন, আর্থিক সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে আয়বর্ধক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ফোরাম সদস্যরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়াতে ভূমিকা রাখতে পারবেন। তিনি সহায়তার অর্থ পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে টেকসই আয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে ফোরাম সদস্যদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব। এ জন্য প্রাপ্ত অর্থ সঠিক ও পরিকল্পিত উপায়ে কাজে লাগানোর পাশাপাশি কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সিসিডিবি-সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাঃ আব্দুল মানিক এবং সিসিডিভিওর সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ নিরাবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি-সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার পিটার সরকার। অনুষ্ঠানে বিভিন্ন নারী ফোরামের সভানেত্রীরা অতিথিদের কাছ থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন। প্রাপ্ত অর্থ দিয়ে ফোরামের সদস্যরা গরু ও ছাগল পালন, ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজ এবং সবজি ব্যবসাসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনা করবেন। আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ছয়টি নারী ফোরামের জন্য ১৬ লাখ ৮০ হাজার টাকা এবং দ্বিতীয় পর্যায়ে সাতটি নারী ফোরামের জন্য ১০ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দুই পর্যায়ে মোট ১৩টি নারী ফোরামের অনুকূলে ২৭ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ আর্থিক সহায়তা নারী ফোরামের সদস্যদের আয় বৃদ্ধির পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.