এনামুল হক নাসিম ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ৫৬ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৪৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা। ২৪ অক্টোবর ২০২৬ তারিখ ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা রাস্তায়, সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফিন (২ মিলিলিটার) ইনজেকশন জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.