মোহাম্মদ করিম,লামা-আলীকদম প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজন এবং বড়ছনখোলা এলাকায় আরও এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়া ও আব্দুল্লাহ ঝিরি এলাকায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে হ্লাথুই পাড়ার মং প্রু মার্মা (৪০) ঘটনাস্থলেই মারা যান। অপর ব্যক্তি আব্দুল্লাহ ঝিরি পাড়ার বাসিন্দা। বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এদিকে, একই দিন উপজেলার বড়ছনখোলা এলাকায় মো. সজিব নামের আরও এক শিশুর বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে লামা উপজেলায় বজ্রপাতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
আকস্মিক এ প্রাণহানির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। প্রিয়জনদের এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.