এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন ও যাত্রীবাহী বাসে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। দুর্গাপূজাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত পরিবেশে উৎসব উদযাপনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় মাদকবিরোধী চেকপোস্টের মাধ্যমে যানবাহনে তল্লাশি চালানো হয়। বিশেষ করে যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাদকদ্রব্য বহন ও পাচার প্রতিরোধে নজরদারি করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে আমাদের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, উৎসবকে ঘিরে মাদকবিরোধী তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে।