প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৬:৫৩ এ.এম
চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩

-
আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামি ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টা থেকে বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের (বিপিএম) দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চন্দনাইশের পূর্ব মাদারবাড়ি এলাকার আরমান বেগ, কাতপাড়া এলাকার শম্ভু দাশ এবং হারলা এলাকার মো. শাহজাহান (৫০)।
পুলিশ জানায়, আরমান বেগ বিদ্যুৎ আইনের ৩২ ধারার একটি মামলায় এবং শম্ভু দাশ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) আইনের ১৩৮ ধারার একটি মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি। অন্যদিকে, মো. শাহজাহান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় করা মোবাইল কোর্টের একটি মামলায় ২০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।
গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে পুলিশি পাহারায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.