এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাতজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের নেতৃত্বে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশক্রমে এএসপি (প্রবেশনার) মো. জিয়াউর রহমান এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন আকন্দের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই (নিরস্ত্র) গৌরাঙ্গ মোহন রায়সহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানে ঘটনাস্থল থেকে সাতজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তার প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে মাদকসেবন ও মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।