এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১-এর একটি অভিযানিক দল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ২ নম্বর শাহাবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে একটি আমবাগান থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমবাগানের ভেতরে একটি সাদা শপিং ব্যাগের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।