এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিমের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিমের আওতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কালিগঞ্জ বাবুপাড়া কালী মন্দির, মিরপাড়া শান্তি সংঘ মন্দির, গরুর হাট মা ভবানী দুর্গা ও কালীমাতা মন্দিরসহ আশপাশের এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। অভিযান চলাকালে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর পাশাপাশি ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার অন্যান্য কর্মচারীরা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ সময় নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়।