এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে সদস্য ও থানা দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পেয়ারাবাগান এলাকায় ছাত্রশিবিরের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল এবং শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এছাড়া সভায় ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও থানা দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল সংগঠনের সদস্য ও দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আদর্শ, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। সভায় সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।