এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১২৩ জনে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন দুইজন। সিভিল সার্জন কার্যালয়ের ৬ অক্টোবরের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৬ জন নারী। এর মধ্যে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ, গোমস্তাপুরে ১ জন পুরুষ, নাচোলে ২ জন পুরুষ এবং ভোলাহাটে ১ জন পুরুষ ও ১ জন নারী রোগী ভর্তি হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৭১ জন পুরুষ ও ২৮ জন নারী। সবচেয়ে বেশি ৭৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে চিকিৎসা শেষে ৪৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে। এদিকে, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যাওয়ায় সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে জেলা হাসপাতালে বর্তমানে ৭৪ জন রোগী চিকিৎসাধীন থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদারের প্রয়োজন দেখা দিয়েছে।