এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মোঃ রফিকুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ভোলাহাট থানাধীন শিকারী বিনটোলা গ্রামের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম শিকারী বিনটোলা গ্রামের মৃত জমসেদ আলির ছেলে। তিনি ওই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে রফিকুল ইসলামের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ভোলাহাট থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোলাহাটের শিকারী বিনটোলা এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।