হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ সদর উপজেলায় দুই পথশিশুকে নতুন পোশাক কিনে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ সদরের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘটনার কথা জানানো হয়।
উপজেলা প্রশাসনের ওই স্ট্যাটাসে বলা হয়, সড়ক দিয়ে যাওয়ার সময় ইউএনওর নজরে পড়ে ৯ থেকে ১০ বছর বয়সী এক শিশু। তার পরনে ছিল পুরোনো ও ছেঁড়া জামা। শিশুটি তার চেয়ে ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরে ছিল। কাছে গিয়ে কথা বলে জানা যায়, শিশুটির নাম সাব্বির। দুই ভাই একটি হোটেলে খাবার সংগ্রহের জন্য সেখানে গিয়েছিল।
সাব্বির যশোদল ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের অভাবের কারণে পড়াশোনার পাশাপাশি তাকে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তার বাবা-মা দুজনই অসুস্থ হওয়ায় কাজ করতে পারেন না। পরিবারের বড় ভাই রাজমিস্ত্রির কাজ করে সংসারের খরচ চালাতে সহায়তা করছেন।
শিশুটির ছেঁড়া পোশাক দেখে ইউএনও তাকে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলেন। পরে সাব্বির নিজের পছন্দমতো জামা-প্যান্ট বেছে নেয়। নতুন পোশাক হাতে পেয়ে তার মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
ইউএনও মো. কামরুল হাসান মারুফ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, নতুন পোশাকটি যেন শিশুটির ছোট্ট পৃথিবীতে ঈদের আনন্দ এনে দিয়েছে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে সাব্বিরের হাসির সেই মুহূর্তের কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব নয়।
তিনি আরও লেখেন, হয়তো তিনি দুই শিশুকে শুধু নতুন জামা দিয়েছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন দুটি নিষ্পাপ হাসি। সাব্বিরের মতো আরও অনেক পথশিশু রয়েছে উল্লেখ করে তিনি তাদের মুখে হাসি ফোটাতে সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।