অনলাইন ডেস্ক রিপোর্টঃ
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার পুলিশ জানিয়েছে, ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁকে হেফাজতে নেয়।
সালমান শাহর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও তদন্ত হয়েছে। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের তদন্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছিল। তবে তাঁর পরিবার ও ভক্তরা ওই সিদ্ধান্ত মেনে নেননি।
এরপর সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে হত্যা মামলা করা হয়। গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি করেন তাঁর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় মারা যান। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। নতুন করে করা হত্যা মামলার তদন্তে সেই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।