এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও দুটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় এ অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামের পাকা রাস্তায় যানবাহন তল্লাশি চালায়। এ সময় এক মোটরসাইকেল আরোহী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল সদস্যরা শটগান দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ওই ব্যক্তি মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে গেলে তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন মো. মশিউর রহমান (পিতা- জেম আলী), গ্রামের বাড়ি ভোলাহাট উপজেলার তিলকী, ডাকঘর-সুরানপুর, চাঁপাইনবাবগঞ্জ। বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদ ও দুটি মোটরসাইকেলের সিজার মূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সব ধরনের অস্ত্র-গোলাবারুদ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।