বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২৯ লাখ টাকা মূল্যের ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম ইয়াবার গুঁড়াসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের নোহা স্কয়ার হাইব্রিড মাইক্রোবাসও জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) ভোরে এসআই (নিঃ) মো. আব্দুল্লাহ আল মাসুদ সঙ্গীয় ফোর্সসহ সিরা ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে একটি কালো রঙের নোহা মাইক্রোবাসে বিপুল পরিমাণ ইয়াবা বহন করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক নির্দেশনায়, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে ঢাকা মেট্রো-চ-১২-৮০০৯ নম্বরের নোহা মাইক্রোবাসটি চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিদের দেখানো মতে গাড়ির পিছনের বাম পাশের সিটের পাদানির নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের স্ক্রু খুলে তেলের ট্যাংকের ভেতর থেকে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মোট ওজন ৩ কেজি ৮৪৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের একটি কালো রঙের এক্স নোহা স্কয়ার হাইব্রিড মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার সদর এলাকার মো. রবিউল ইসলাম ওরফে রবি (৪০), মো. আলাউদ্দিন শেখ (২৮) এবং মো. মোশারফ শিকদার জাম্বু (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন, গাড়িটি খুলনা থেকে কক্সবাজারে নিয়ে যাওয়ার পর একটি সংঘবদ্ধ চক্র বিশেষ কায়দায় তেলের ট্যাংকের সঙ্গে গোপন চেম্বার তৈরি করে সেখানে ইয়াবাগুলো লুকিয়ে রাখে। পরে সেগুলো ঢাকায় পৌঁছে পলাতক সহযোগীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে তারা পরিবহন করছিলেন।
এ ঘটনায় আরও কয়েকজন পলাতক আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।