কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন রেনু মিয়া নামের এক আওয়ামী লীগ নেতা। আজ সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।
রেনু মিয়া মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলার আসামি রেনু মিয়া। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। তবে এ সময় কোনো ধরনের হট্টগোল হয়নি।
পুলিশের ভাষ্য, মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় কৌশলে সেখান থেকে পালিয়ে যান রেনু মিয়া।
তাঁকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানা গেছে।