বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান
ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জনাব আলমগীর সিদ্দিকী।
বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনায় বিদ্যালয়ের বর্তমান শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি এবং পরীক্ষার ফলাফলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় সভাপতি আলমগীর সিদ্দিকী শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য বিশেষ সহযোগিতা ও অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের মূল চাবিকাঠি হলো মানসম্মত শিক্ষা ও দক্ষ শিক্ষক। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে নিয়মিত শিক্ষক-সভা, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং বিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর ও শিক্ষাবান্ধব করার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভাপতি আলমগীর সিদ্দিকী বলেন, নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়কে এলাকার একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সভাপতির বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।