মোঃ আসিফুজ্জামান আসিফ নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি ও লেকচার থিয়েটার ভবনের চলমান নির্মাণকাজে ঝটিকা অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দেওয়া এবং ভবন দুটিতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আ ফ ম কামাল উদ্দিন হলের ভিপি শুভর নেতৃত্বে কয়েকজনের বিরুদ্ধে।
রোববার সকাল প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, হঠাৎ করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ায় সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ থাকার প্রমাণ পাওয়া যায় বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট নির্মাণসাইটের এক কর্মকর্তা অভিযোগ করে বলেন, ভবন দুটির কাজ এমনভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে সেখানে এক ধরনের ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়। একই সঙ্গে প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে অশোভন আচরণ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও তাদের মধ্যে আলোচনা রয়েছে। তাদের দাবি, কামাল উদ্দিন হলের ভিপি শুভর নেতৃত্বেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে আ ফ ম কামাল উদ্দিন হলের ভিপি শুভর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মোবাইল ফোনে কোনো কথা বলব না। সামনাসামনি পরে কথা বলব।”
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) শামছুল আলম সেলিম বলেন, “তারা খেলার মাঠের জন্য কাজ বন্ধ করে দিয়েছিল। তাদের দাবি-দাওয়া সব মেনে নেওয়া হয়েছে। এখন কাজ চলমান রয়েছে।”
প্রকল্প পরিচালক নাছির উদ্দিন বলেন, “কাজ বন্ধ থাকায় সাময়িক ক্ষতি হয়েছে। তবে বিকেল চারটা থেকে আবার কাজ চলমান রয়েছে।”
ঘটনার পর বিকেল থেকে পুনরায় লাইব্রেরি ও লেকচার থিয়েটার ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।