নিজস্ব প্রতিবেদক
দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা ১৯ পয়সা। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাবের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে সরকার।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ সদস্যের প্রশ্ন ছিল, বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ কত এবং ঋণের চাপ কমাতে সরকার কী ধরনের উদ্যোগ নিয়েছে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত হিসাব অনুযায়ী দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা ১৯ পয়সা। ঋণের বোঝা কমাতে সরকার রাজস্ব আদায় বাড়ানো, সরকারি অর্থের কার্যকর ব্যবহার এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার ওপর গুরুত্ব দিচ্ছে।
ছয় রাষ্ট্রীয় ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
অন্য এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণও তুলে ধরেন। ৩০ জুনের হিসাব অনুযায়ী, এসব ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ হাজার টাকা।
অগ্রণী ব্যাংক পিএলসিতে খেলাপি ঋণের পরিমাণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৮ হাজার ৮৮ কোটি ৭৯ লাখ, বেসিক ব্যাংকে ৮ হাজার ১৩১ কোটি, রূপালী ব্যাংকে ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ এবং সোনালী ব্যাংক পিএলসিতে ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ হাজার টাকা খেলাপি ঋণ রয়েছে।
সরকারি অর্থের ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার মাধ্যমে সামগ্রিক ঋণের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংসদকে জানান অর্থমন্ত্রী।