মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা, হিসাব-নিকাশ ও রাজনৈতিক বিশ্লেষণ। এরই মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন জিয়া সাইবার ফোর্স গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. মাসুদ রানা শাহিন।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন বলে জানিয়েছেন তিনি। স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
সম্ভাব্য প্রার্থী মো. মাসুদ রানা শাহিন বলেন, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে আসছেন। এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, "আমি যদি সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে উপজেলার ১৫টি ইউনিয়নের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব, ইনশাআল্লাহ।"
তিনি আরও জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগের সময় সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া, সমর্থন ও উৎসাহ পাচ্ছেন। জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে। এ পরিস্থিতিতে ভাইস চেয়ারম্যান পদে মো. মাসুদ রানা শাহিনের সম্ভাব্য প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ অবস্থান শক্তিশালী করতে মাঠপর্যায়ে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করছেন। নির্বাচনকে ঘিরে সুন্দরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ তৈরি হতে শুরু করেছে।