এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে হিফজুল কুরআন একাডেমির শিক্ষার্থীদের নৈতিক ও ইসলামী শিক্ষায় উন্নয়ন, অভিভাবকদের দায়িত্ব এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষার গুরুত্ব বিষয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় মাঝপাড়া ছয় গুম্বজ মসজিদে সংলগ্ন হিফজুল কুরআন একাডেমির হলরুমে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হিফজুল কুরআন একাডেমির সভাপতি ও প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি মো. শাহ্ ওলিউল্লাহ্ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. ময়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুল খালিদ, মো. আবু সাঈদ, মো. আজাহারুল ইসলাম পিন্টু এবং মো. সাজ্জাদ হোসেন বিপুল। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেওয়া, নৈতিক শিক্ষা দেওয়া এবং সৎ ও আদর্শ জীবনযাপনে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনা ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা হিফজুল কুরআন একাডেমির শিক্ষার্থীদের ইসলামী ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।