অনলাইন ডেস্ক রিপোর্টঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। এ-সংক্রান্ত একটি পরিপত্র ইতোমধ্যে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে পাঠানো হয়েছে।
২৬ জুলাই জারি করা পরিপত্রে জানানো হয়, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখা এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারজনিত নেতিবাচক প্রভাব কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, মোবাইল ফোনের প্রতি শিক্ষার্থীদের বাড়তি নির্ভরশীলতা তাদের শিক্ষা কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলছে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, পাঠদান চলাকালে শিক্ষকদের অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার থেকেও বিরত থাকতে হবে। কারণ শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার পাঠদানে বিঘ্ন সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে।
এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশনাটি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।