নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীর গাড়ি থামিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ উপজেলার চর হাজিপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তামান্না আক্তারের সঙ্গে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক মাইক্রোবাসটির গতিরোধ করেন বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদের নেতৃত্বে কয়েকজন যুবক গাড়িতে ভাঙচুর চালান। একপর্যায়ে নববধূ তামান্না আক্তারকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর অভিযুক্ত যুবকের সঙ্গে নববধূর পূর্বপরিচয় ও প্রেমের সম্পর্কের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে পারিবারিক সম্মতি না থাকায় তাদের বিয়ে হয়নি।
এ ঘটনার পর আতিকুর রহমান মিয়াদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘জীবনে আর কিছু চাওয়ার নাই..!’ লিখে একটি স্ট্যাটাস দেন। পোস্টে তিনি হাসি ও হৃদয়ের ইমোজিও ব্যবহার করেন।
হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজীব বলেন, অভিযুক্ত আতিকুর ছাত্রদলের কর্মী। তবে ঘটনাটির বিষয়ে বিস্তারিত তথ্য তার জানা নেই।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, ঘটনাটি তারা জানতে পেরেছেন। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক আপত্তির কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, নববধূকে উদ্ধার এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.