মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি একনালা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশের একটি দল পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান চালায়। এ সময় বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি একনালা বন্দুক দেখতে পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে।
তবে বন্দুকটি কার এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রটির উৎস ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, উদ্ধার করা বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.