এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে র্যাব-৫, সিপিসি-১ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে "নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব" প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. একরামুল হক পিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমরুল হাসান চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। বক্তারা বলেন, নিরাপদ সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।