নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
প্রায় দেড় থেকে দুইশ মানুষের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে দেওয়া হাসনাত আবদুল্লাহর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বিতর্কিত বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ঘোষণা দেন, শনিবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো কর্মসূচি অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। এদিন বিকেল ৪টায় স্থানীয় শিল্পকলা একাডেমিতে এনসিপির একটি সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উত্থাপন করেন। এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় তিনি সরকারের কঠোর সমালোচনা করেন। মূলত তাঁর ওই বক্তব্যকে কেন্দ্র করেই ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।