নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হওয়ার পথে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রাথমিকভাবে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে প্রথম বহরের কর্মীদের পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে বোয়েসেলসহ মোট ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি। এছাড়া প্রাথমিকভাবে ১৬টি মেডিকেল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
তবে কর্মী পাঠানোর সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। তাই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ধরনের টাকা লেনদেন, মেডিকেল পরীক্ষা বা পাসপোর্ট জমা না দিতে কর্মপ্রত্যাশীদের সতর্ক করেছে মন্ত্রণালয়। পাশাপাশি দালাল ও প্রতারক চক্রের ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।