নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি ঘোলাটে করে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শুক্রবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র ছয় মাস। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা সম্ভব নয়। এসব সমস্যার সমাধানে সরকারের কিছু সময় প্রয়োজন। অথচ বিরোধী দল তিন থেকে ছয় মাসের মধ্যেই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাতে সরকার দেশের জন্য কাজ করতে না পারে।
তিনি বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
লোহার ব্রিজ সংস্কার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। বিভিন্ন স্থানে মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি সংস্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, ব্রিজটি চালুর ফলে ওই এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন। যানবাহন চলাচল না করলেও এখন থেকে স্থানীয়রা সম্পূর্ণ নিরাপদে পায়ে হেঁটে ব্রিজটি পার হতে পারবেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.