নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর পাংশা উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের দুই সংরক্ষিত নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
পুলিশ জানায়, বিকেলে ডিবির একটি দল পাংশা পৌরসভার কলেজ রোড এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—কালুখালী উপজেলার মোহনপুর এলাকার বাসিন্দা হামিদা খাতুন (৪৭)। তিনি মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। অপরজন চর কুলটিয়া এলাকার সাজেদা বেগম (৪০)। তিনি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।