এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন করেছে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ফুড অফিস সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের পক্ষে জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারী পরিচালক মো. আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আজম আলী, মো. মামুনুর রশিদ, মো. সাহাবী হোসেনসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে সহকারী পরিচালক মো. আবু সাঈদ বলেন, “২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” তিনি নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ন্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। একই দিনে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন আন্দোলনকারী প্রাণ হারান। পরবর্তীতে সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে সারা দেশে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দপ্তরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বিশেষ দোয়া ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।