এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপিতে কর্মরত নায়েক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশদীঘি গ্রামে অভিযান চালায়। অভিযানকালে টহল দল মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা এসকাফ সিরাপ জেনারেল ডায়েরি (জিডি) করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে ৷ এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।