বিশেষ প্রতিনিধি মো. জাহির খান
চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সাতানিপাড়া জাগরণী সংঘ, নিজকুঞ্জরা।
সংগঠনটির উদ্যোগে চাল, ডাল, ভোজ্যতেল, লবণ, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্যাকেটজাত করা হচ্ছে। এসব ত্রাণসামগ্রী দ্রুত বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।
ত্রাণ প্যাকেজিং কার্যক্রমে সংগঠনের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নিচ্ছেন। স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় দিনব্যাপী ত্রাণ প্রস্তুতের কাজ অব্যাহত রয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সামর্থ্য অনুযায়ী সহায়তা করাকে তারা সামাজিক ও মানবিক দায়িত্ব হিসেবে মনে করেন। সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংগঠনের নেতারা বলেন, বন্যাদুর্গত মানুষের জন্য পরিচালিত এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে তারা দেশ-বিদেশে অবস্থানরত সবার দোয়া কামনা করছেন। একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ত্রাণ সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরাভিত্তিক সাতানিপাড়া জাগরণী সংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, রক্তদান, দুর্যোগ মোকাবিলা এবং অসহায় মানুষের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।