নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাবার ব্যয় ৩৫ কোটি টাকা ছিল বলে জাতীয় সংসদে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর ব্যয়ের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর ব্যয়ের তুলনা করলে দেখা যায়, শুধু খাবারের পেছনেই বছরে ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে। তাঁর ভাষ্য, এ ধরনের ব্যয় কেবল একটি খাতেই সীমাবদ্ধ ছিল না; আরও বিভিন্ন খাতেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আরও জানান, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, বিভিন্ন সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয় সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
তিনি বলেন, এ-সংক্রান্ত বিস্তারিত ব্যয়ের হিসাবসংবলিত ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’ সংসদে উপস্থাপন করা হয়েছে।
এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জনগণের অর্থ লুট করে বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে সরকারের আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।