মোঃ আশিকুর সরকার (রাব্বি)রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দুঃখ-দুর্দশা, বর্তমান সমস্যা ও জরুরি প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন। স্থানীয়দের কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনে তিনি ভাঙন রোধ ও পুনর্বাসনে সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এ সময় উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময়
নদীভাঙন এলাকা পরিদর্শনের পাশাপাশি আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এলাকার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিদ্যানন্দ ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও মানুষের দুর্ভোগ লাঘবে জেলা পরিষদ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে। আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ
পরিদর্শন ও মতবিনিময়কালে রাজারহাট উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।