এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
"ভারতে গরু আনতে গিয়ে পুলিশের হাতে আটক চাঁপাইনবাবগঞ্জের দুই যুবক" শীর্ষক একটি সংবাদে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নামে প্রকাশিত বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ৫৯ বিজিবি।
বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে জানানো হয়, গত ৮ জুলাই ২০২৬ তারিখে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ওই সংবাদে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর বরাতে উল্লেখ করা হয়, "তিনি জানিয়েছেন, রাজমিস্ত্রির কাজে গিয়ে ফেরার পথে তারা ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন— এমনটাই লোকমুখে শুনেছেন।" প্রতিবাদলিপিতে বলা হয়, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য বা মন্তব্য দেওয়া হয়নি। তার নামে প্রকাশিত উদ্ধৃতিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে অসংগত। বিজিবির দাবি, এ ধরনের অসত্য তথ্য প্রকাশের ফলে বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। এ ঘটনায় প্রকাশিত সংবাদের অসত্য ও বিভ্রান্তিকর অংশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ৫৯ বিজিবি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে অধিনায়কের নামে প্রকাশিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.