আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।
সোমবার (৬ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজার এলাকায় কিশোরগঞ্জ–পাকুন্দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) এবং পিকআপচালক খোকন (৩৯)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। একই সঙ্গে পিকআপে থাকা ছয়টি গরুও প্রাণ হারায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
পাকুন্দিয়া থানার এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.