সাগর আহমেদ, মিঠামইন কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাংবাদিক ওমর ফারুকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধলাই-বগাদিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ওমর ফারুক দৈনিক সকাল বেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি। তিনি অভিযোগ করেন, এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ এবং সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সচেতনতামূলক লাইভ প্রচারের জেরে তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়।
তার দাবি, বাজারে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ব্যক্তি অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ওমর ফারুক বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।
এ ঘটনায় জেলার সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।